ইমাম হাছাইন পিন্টু, নাটোর
নাটোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হিসাব শাখার ২০২৫-২০২৬ অর্থবছরের দ্বিতীয় অর্ধবার্ষিক পরিদর্শন সম্পন্ন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ। পরিদর্শনের অংশ হিসেবে তিনি কার্যালয়ের বিভিন্ন আর্থিক কার্যক্রম, রেজিস্টার ও দাপ্তরিক নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এর আগে, ১৩ সেপ্টেম্বর ২০২৬ নির্ধারিত দিনে নাটোর জেলা পুলিশ কার্যালয়ে পৌঁছালে ডিআইজি মহোদয়কে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান নাটোর জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। এরপর নাটোর জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে ঐতিহ্যবাহী ‘গার্ড অব অনার’ প্রদান করে সম্মানিত করে।
পরিদর্শনকালে পুলিশ লাইনস চত্বরে পরিবেশবান্ধব কর্মসূচির অংশ হিসেবে একটি বৃক্ষরোপণ করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি। এ সময় জলবায়ুর নেতিবাচক প্রভাব মোকাবিলা, সবুজায়নের বিস্তার এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর বিশেষ জোর দেন তিনি। পাশাপাশি রোপণকৃত চারাগুলোর নিয়মিত যত্ন ও সঠিক রক্ষণাবেক্ষণের তাগিদ দেন।
উক্ত পরিদর্শনে নাটোর জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতেখায়ের আলম, নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।