ইমাম হাছাইন পিন্টু, নাটোর
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের অংশ হিসেবে নাটোরের গুরুদাসপুরে বর্ণাঢ্য র্যালি, পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট ২০২৬) সকাল ৯টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল আজিজ।
উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজের সভাপতিত্বে প্রথমে একটি বর্ণাঢ্য র্যালি ও পরে জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়। এরপর উপজেলা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন এলাকা থেকে আগত মৎস্যচাষিরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা মা মাছ সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি সরকারি বিধি-নিষেধ মেনে মাছ চাষ এবং মৎস্য আহরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রতন কুমার সাহা উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি মাছের উৎপাদন বাড়াতে সার্বিক সহযোগিতার পাশাপাশি মা মাছ নিধন এবং ক্ষতিকর চায়না জালের ব্যবহার থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান।