রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

রাঙ্গামাটিতে পাহাড়ি সড়কে পিকআপ উল্টে নারীসহ নিহত ৪

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১ Time View
3

জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি

রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের বিপজ্জনক বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ উল্টে নারীসহ চারজন নিহত হয়েছেন। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে রাঙ্গামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮), শান্তি রঞ্জন চাকমা (৬৫) এবং শোভা চাকমা (৫২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাঙ্গামাটি শহরের কল্যাণপুর থেকে যাত্রী নিয়ে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল দ্রুতগতির একটি পিকআপ। পথিমধ্যে মানিকছড়ি আর্মি ক্যাম্পের কাছাকাছি পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি সড়ক থেকে ছিটকে উল্টে গিয়ে সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শোভা চাকমার অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পথে তাঁরও মৃত্যু হয়। এছাড়া মারাত্মক আহত চালক জ্ঞান বিকাশ চাকমা (৫০) ও যাত্রী সুমন চাকমা (৪৫) বর্তমানে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শওকত আকবর জানান, হাসপাতালে আনার আগেই তিনজনের মৃত্যু হয়েছিল এবং আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে, এই প্রাণঘাতী দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য দীপেন দেওয়ান। তিনি শোকার্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান এবং তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com