ইমাম হাছাইন পিন্টু, নাটোর
নাটোরের লালপুরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় জাতীয়তাবাদী ছাত্রদলের তিন কর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা ছাত্রদল।
বহিষ্কৃত কর্মীরা হলেন—জাহিদ হোসেন, শফিকুল ইসলাম শফিক এবং মামুন আলী।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট ও যুগ্ম আহ্বায়ক আবু রায়হান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশের বিষয়টি নিশ্চিত করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট লালপুর উপজেলা পরিষদ চত্বরে ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিলের কর্মসূচি চলাকালে এনটিভির অনলাইন প্রতিনিধি সজিবুল হৃদয় এবং দৈনিক মানবজমিনের লালপুর উপজেলা প্রতিনিধি রাশিদুল ইসলামকে লাঞ্ছিত করা হয়। উক্ত ঘটনায় এই তিন নেতাকর্মীর সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্রদল কখনো দলীয় শৃঙ্খলাবিরোধী ও ভাবমূর্তি ক্ষুণ্নকারী কর্মকাণ্ড বরদাশত করবে না। ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী এমন কাজে জড়িত না থাকার জন্য সব স্তরের নেতাকর্মীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।