হরমুজ প্রণালি অতিক্রমের সময় সৌদি আরবের একটি অপরিশোধিত তেলবাহী সুপারট্যাংকারে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। ইরানি বাহিনীর পরিচালিত এই হামলায় জাহাজটিতে থাকা ফিলিপাইনের দুইজন নাবিক প্রাণ হারিয়েছেন। সোমবার রাতে ঘটা এই ঘটনায় অঞ্চলটিতে নতুন করে উত্তজনা ছড়িয়ে পড়েছে। আক্রান্ত ‘বাহরির সিদর’ নামের জাহাজটি ছাড়াও একই সময়ে আরও একটি সৌদি ট্যাংকারে হামলার খবর পাওয়া গেছে।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানিয়েছে। সৌদি রাষ্ট্রীয় মালিকানাধীন জাহাজ কোম্পানি বাহরি জানিয়েছে, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় সমন্বয় করছে। সাম্প্রতিক সময়ে লোহিত সাগর ও হরমুজ প্রণালিতে সৌদি জাহাজ লক্ষ্য করে একাধিক হামলার ঘটনার পর এটি নিরাপত্তার ক্ষেত্রে নতুন উদ্বেগের সৃষ্টি করেছে।