মোঃ মাইনুল হক (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিনিধি মো. জাকির হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক করার অভিযোগ পাওয়া গেছে। হ্যাকার চক্রটি আইডিটির নিয়ন্ত্রণ নিয়ে মেসেঞ্জারের মাধ্যমে তার পরিচিতজনদের কাছে জরুরিভাবে টাকা ধার চাইছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আটটার দিকে এ সাইবার অপরাধের ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক জানান, শনিবার সন্ধ্যার দিকে তার হোয়াটসঅ্যাপ নম্বরে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে। এর কিছুক্ষণ পরই তার ফেসবুক আইডির নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারদের হাতে। বর্তমানে ওই আইডি থেকে বিভিন্ন অজুহাত দেখিয়ে স্বজন ও সহকর্মীদের কাছে আর্থিক সহায়তা চেয়ে বার্তা পাঠানো হচ্ছে।
এদিকে, মেসেঞ্জারে টাকা চাওয়ার বিষয়টি সন্দেহজনক ঠেকলে অনেকেই সরাসরি মো. জাকির হোসেনের মোবাইল ফোনে কল করে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় সাংবাদিক জাকির হোসেনের শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের বাড়তি সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে। তার আইডি থেকে টাকা চেয়ে কোনো ধরনের বার্তা গেলে তা আমলে না নিয়ে সরাসরি ফোনে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় অনলাইন লেনদেন ও বার্তা আদান-প্রদানে সবাইকে আরও সতর্ক থাকার তাগিদ দেওয়া হয়েছে।