ফয়সাল আহমেদ জনি, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়ন বিএনপির রাজনীতিতে তৎপরতা বহুগুণ বেড়ে গেছে। স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে গঠিত ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’-এর আয়োজনে এক বিশেষ সমাবেশে চারজন রাজনৈতিক নেতাকে নির্বাচনে সমর্থনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) বেলা সাড়ে তিনটায় অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধানত তৃণমূল নেতাকর্মীদের মতামতের মূল্যায়ন এবং দলের অভ্যন্তরীণ ঐক্য সুদৃঢ় করার ওপর জোর দেওয়া হয়। সভায় সর্বসম্মতিক্রমে যাঁদের সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়, তাঁরা হলেন—মো. আবু তাহের, মো. জুবায়ের হোসেন, মো. সুলতান আহমেদ এবং মো. আ. রাজ্জাক সরদার।
ঘোষিত আহ্বায়ক কমিটির তথ্যানুযায়ী, কমিটিতে মো. আ. রাজ্জাক সরদারকে আহ্বায়ক, মো. জুবায়ের হোসেনকে সদস্য সচিব এবং মো. সুলতান আহমেদ ও মো. আবু তাহেরকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
তরুণ ও প্রবীণ রাজনীতিকদের মেলবন্ধনে গড়ে ওঠা এই নতুন প্ল্যাটফর্মের কার্যক্রম চামারী ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় বিশ্লেষকদের মতে, নির্বাচনী বৈতরণী পার হতে এই সমর্থনের সমীকরণ ভোটের মাঠে একটি বিশেষ প্রভাব ফেলতে পারে।
ঐক্য পরিষদের শীর্ষ নেতারা আশা প্রকাশ করেছেন যে, সব প্রজন্মের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে দল আরও শক্তিশালী হবে এবং তৃণমূলের মতামতের ভিত্তিতেই নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে। তবে শেষ পর্যন্ত দলীয় হাইকমান্ডের চূড়ান্ত সিদ্ধান্ত এবং সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমেই চূড়ান্ত প্রার্থী নির্ধারিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।