২০১৫ সালে বিএনপি নেতা ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে গুম ও নির্যাতনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানসহ র্যাব ও পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সরাসরি সংশ্লিষ্টতা পাওয়ার কথা জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শনিবার সংস্থাটির চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, তৎকালীন সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকদের পরিকল্পনা ও নির্দেশেই এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটানো হয়েছিল।
তদন্ত প্রতিবেদন অনুযায়ী, সালাহউদ্দিন আহমেদকে গুমের পর র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেলে আটকে রেখে অমানবিক শারীরিক নির্যাতন চালানো হয়েছিল। বর্তমানে এই ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি, তাকে কীভাবে ভারতে পাঠানো হয়েছিল এবং এর পেছনে কারা জড়িত ছিল, সে বিষয়েও তদন্তকারী কর্মকর্তারা তথ্য সংগ্রহ করছেন। অভিযোগের ভিত্তিতে সালাহউদ্দিন আহমেদের জবানবন্দি গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর।