জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের এই সংকটময় মুহূর্তে আলেম সমাজকে কেবল ওয়াজ বা খুতবার মধ্যে সীমাবদ্ধ না থেকে জাতির সঠিক পথপ্রদর্শক হিসেবে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। শনিবার রাজধানীর কাকরাইলে অনুষ্ঠিত জাতীয় উলামা প্রতিনিধি সম্মেলনে তিনি বলেন, আলেমদের মতপার্থক্য থাকতে পারে, তবে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে ধৈর্য ও সংযমের মাধ্যমে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করা উচিত। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষ ছড়ানো থেকে বিরত থাকার ওপর তিনি জোর দেন।
আধুনিক শিক্ষা ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে জামায়াত আমির বলেন, দেশ ও জাতিকে নেতৃত্ব দিতে হলে জ্ঞান-বিজ্ঞানে উন্নত হওয়ার কোনো বিকল্প নেই। তিনি আলিয়া ও কওমি উভয় ধারার আলেমদের সম্মানের সাথে কাজ করার আহ্বান জানান। এছাড়াও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজের অন্যায় ও অসত্যের বিরুদ্ধে আলেমদের আপসহীন হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, তৃণমূল পর্যায়ে মানুষের সাথে আলেমদের যে গভীর সংযোগ রয়েছে, তাকে কাজে লাগিয়ে সমাজ পরিবর্তনের উদ্যোগ নিতে হবে। সম্মেলন শেষে মাদরাসা শিক্ষা শক্তিশালীকরণ, ইমাম-মুয়াজ্জিনদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণসহ সাত দফা প্রস্তাব উত্থাপন করা হয়।