সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা
নাচ-গান, রঙিন বেলুন ও পায়রা উড়িয়ে এবং জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শেরপুরে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহ্যবাহী শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ সূচনা করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।
তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করে বিভাগীয় কমিশনার বলেন, যুবসমাজকে মাদক ও অনলাইনের নেতিবাচক প্রভাব থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়তে এবং শেরপুরের ক্রীড়া অঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম এবং জেলা পরিষদ প্রশাসক এ বি এম মামুনুর রশীদ পলাশ। শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ক্রীড়া ব্যক্তিত্ব এবং হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে শেরপুর পৌরসভা দল ও নালিতাবাড়ী পৌরসভা দল একে অপরের মুখোমুখি হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্য (০-০) ড্র হয়। স্টেডিয়ামজুড়ে দর্শকদের উপচে পড়া ভিড় পুরো আয়োজনকে এক উৎসবমুখর রূপ দেয়।