রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে নির্ধারিত সঠিক স্থানে টিকা না দেওয়ায় ১১ মাস বয়সী এক শিশুর পায়ে মারাত্মক জটিলতা দেখা দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করার পর বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, গত ২৭ জুলাই ১০ মাস বয়সের নির্ধারিত টিকা দেওয়ার জন্য শিশু জিয়ান ইসলামকে দরবেশপুর ইউনিয়নের আইয়েনগর পোদ্দার বাড়ি টিকা কেন্দ্রে নিয়ে যান তার দাদি রেহানা ইসলাম। শিশুটির বাবা রফিকুল ইসলাম। কেন্দ্রে দায়িত্বরত টিকা প্রদানকারী শারমিন আক্তার জিয়ানের ডান পায়ে হাঁটুর একটু নিচে টিকাটি প্রয়োগ করেন।
টিকা দেওয়ার কিছুদিন পরই শিশুটির পায়ে ফোঁড়া, পুঁজ ও রক্তক্ষরণের মতো জটিলতা সৃষ্টি হয়। পরিবারের অভিযোগ, বিষয়টি স্বাস্থ্যকর্মীকে জানালে তিনি তা গুরুত্ব না দিয়ে উল্টো তার স্বামী রাজনৈতিক প্রভাবের সঙ্গে জড়িত উল্লেখ করে ভয়ভীতি দেখান। শিশুটির দাদি রেহানা আক্তার জানান, নাতি আজ বড় বিপদের মুখে, অথচ অভিযুক্ত স্বাস্থ্যকর্মী ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
তবে অভিযুক্ত টিকা প্রদানকারী শারমিন আক্তার তার ভুল স্বীকার করে গণমাধ্যমকে জানান, “মানুষ মাত্রই ভুল হতে পারে। চিকিৎসকরাও ভুল করলে রোগী মারা যায়, তাহলে আমার বিষয় নিয়ে এত মাতামাতি কেন হচ্ছে?”
এ বিষয়ে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মোস্তাক আহমেদ বলেন, তিনি বিষয়টি সম্পর্কে জেনেছেন। পরিবারটিকে যোগাযোগ করতে বলা হয়েছে এবং সরকারি হাসপাতালে শিশুটিকে যথাযথ চিকিৎসা দেওয়া হবে। ভুল স্থানে টিকা দেওয়ার বিষয়টি স্বীকার করে তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান জানান, শিশুর পরিবারের পক্ষ থেকে একটি লিখিত আবেদন পাওয়া গেছে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।