মোঃ মাইনুল হক (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুর উপজেলার এক রিকশাচালককে নিখোঁজের পাঁচ দিন পর অজ্ঞান অবস্থায় রংপুর মহানগরীর ধাপ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে সড়কের পাশ থেকে তাকে উদ্ধার করেন স্বজনরা।
উদ্ধার হওয়া ওই রিকশাচালকের নাম রাসেল। তিনি সৈয়দপুর শহরের নিয়ামতপুর সরকারপাড়া এলাকার মহুবার রহমানের ছেলে এবং তিন সন্তানের জনক। গত ২৭ আগস্ট সকালে বাড়ির সংস্কার কাজের জন্য ইট কিনতে বেরিয়ে তিনি নিখোঁজ হন।
ভুক্তভোগীর পরিবার ও রাসেল সূত্রে জানা যায়, নতুন রিকশা কেনা এবং গোয়ালঘর নির্মাণের জন্য এনজিও থেকে ঋণ নেওয়া প্রায় ৪৫ হাজার টাকা নিয়ে গত বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হন রাসেল। পথিমধ্যে আদানি মোড় এলাকায় প্রশাসন পরিচয়ে তিন ব্যক্তি মোটরসাইকেলে এসে তার পথরোধ করে এবং জোর করে তুলে নিয়ে যায়। পরে ওকরাবাড়ি এলাকায় নিয়ে তাকে মারধর ও মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। একপর্যায়ে চেতনানাশক মিশিয়ে তাকে অজ্ঞান করে ফেলে রাখা হয়।
পরিবারের অভিযোগ, নিখোঁজের পর সৈয়দপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে পুলিশ বিষয়টিকে গুরুত্ব না দিয়ে উল্টো কাল্পনিক গল্প সাজায় এবং রাসেল স্বেচ্ছায় আত্মগোপন করেছে বলে দাবি করে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী পরিবার এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি ও নিজেদের জীবনের নিরাপত্তা দাবি করেছে।