যশোরের কেশবপুর উপজেলায় সরকারি সম্মানী ভাতার তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য বরাদ্দকৃত মাসিক সম্মানীর তালিকায় প্রকৃত ব্যক্তিদের নাম বাদ দিয়ে কৌশলে স্থানীয় জামায়াত নেতাদের নাম যুক্ত করার ঘটনা ঘটেছে। পাঁজিয়া ইউনিয়নের গড়ভাঙ্গা বায়তুন নুর জামে মসজিদের দীর্ঘদিনের ইমাম ও খাদেমকে বাদ দিয়ে মসজিদ কমিটির ক্যাশিয়ার ও স্থানীয় জামায়াত নেতাদের নাম অন্তর্ভুক্ত করার মাধ্যমে এই জালিয়াতির আশ্রয় নেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, তালিকা তৈরির সময় কোনো ধরনের নিয়ম বা স্বচ্ছতা বজায় রাখা হয়নি। সংসদ সদস্যের নির্দেশে তদন্তের কথা থাকলেও সংশ্লিষ্ট জামায়াত নেতা সেটি না করে নিজের দলীয় স্বার্থসিদ্ধিতে ভুয়া তালিকাটিই চূড়ান্ত করেন। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর বিতর্ক এড়াতে ওই মসজিদকে সম্মানী তালিকার কার্যক্রম থেকেই বাদ দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়েছে।