ঢাকার সাভারের আশুলিয়ায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর পাঁচ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় ভাদাইল বাজার এলাকার একটি তিনতলা ভবনের ছাদ থেকে বস্তাবন্দী অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুর রহমান জামালপুরের মেলান্দহ উপজেলার বাসিন্দা মো. শহিদ মিয়ার ছেলে এবং তারা ওই ভবনের নিচতলায় ভাড়া থাকত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে তিনটার দিকে শিশুটি বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল। সন্ধ্যায় বাড়ির মালিকের স্ত্রী ছাদে হাঁসকে খাবার দিতে গিয়ে বস্তাবন্দী মরদেহটি দেখতে পান। নির্মমভাবে হত্যার শিকার শিশুটির গলায় স্কচটেপ পেঁচানো ছিল এবং তার মুখ ভর্তি ছিল চাল ও পলিথিন দিয়ে। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং এই হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।