ইমাম হাছাইন পিন্টু নাটোর
নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের তিলকপুর ঘাট সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা নদীর ওই এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের হাতেনাতে তিনজনকে আটক করা হয়। পরে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের সাজা দেওয়া হয়। এর মধ্যে দুজনকে তিন মাস এবং অপর একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লালপুর থানা পুলিশের একটি চৌকস দল উপজেলা প্রশাসনকে সার্বিক সহায়তা করে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী রক্ষা এবং পরিবেশ রক্ষার্থে অবৈধ বালু উত্তোলন ও যেকোনো ধরনের আইনবহির্ভূত কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।