জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি
চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, গুলি, ধারালো অস্ত্র এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই তালিকাভুক্ত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। গত রোববার (২ আগস্ট) গভীর রাতে পরিচালিত এ অভিযানে তাদের হাতেনাতে আটক করা হয়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের সার্বিক দিকনির্দেশনায় এবং এসআই মো. ফারুক উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে গত ২ আগস্ট রাত আনুমানিক ২টা ২০ মিনিটে হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে অভিযুক্ত বোরহান উদ্দিনের বসতবাড়িতে এই অভিযান চালানো হয়। অভিযানে বোরহান উদ্দিন (৩৪) ও তার সহযোগী মোড় রহিম উল্লাহ রনিকে (৩৫) আটক করা হয়। বোরহান পূর্ব হিঙ্গুলী গ্রামের আবুল কাশেমের ছেলে এবং রহিম উল্লাহ ছত্তরুয়া গ্রামের মৃত মোহাম্মদ উল্লাহর ছেলে।
পুলিশ তল্লাশি চালিয়ে বোরহানের হেফাজত থেকে একটি কালো রঙের সেমি অটোমেটিক ৭.৬২ বিদেশি পিস্তল, একটি সিলভার রঙের ম্যাগাজিন, ৯ রাউন্ড তাজা গুলি, দুটি কাঠের বাটযুক্ত লম্বা ছোরা, একটি ফোল্ডিং সুইচগিয়ার এবং এক বোতল ভারতীয় স্কপ সিরাপ উদ্ধার করে। এছাড়া তার সহযোগী রহিম উল্লাহ রনির কাছ থেকেও এক বোতল ভারতীয় স্কপ সিরাপ জব্দ করা হয়।
থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত বোরহান উদ্দিনের বিরুদ্ধে জোরারগঞ্জ ও মীরসরাই থানায় হত্যাচেষ্টা, বিস্ফোরক আইন এবং বিশেষ ক্ষমতা আইনে অন্তত ৯টি মামলা রয়েছে। অন্যদিকে, রহিম উল্লাহ রনির বিরুদ্ধে জোরারগঞ্জ, লোহাগাড়া, পটিয়া, ছাগলনাইয়া, রামু ও সীতাকুণ্ড থানায় মাদক ও চুরির অপরাধে ৯টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জননিরাপত্তা রক্ষার্থে এ ধরনের সন্ত্রাস ও অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।