শিল্পাঞ্চল গাজীপুরের কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটের কারণে পোশাক কারখানা, ডাইং, সিরামিক ও স্টিলসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গত ১০ থেকে ১৫ দিন ধরে পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় বড় বড় কারখানার উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে। এর ফলে চরম বিপাকে পড়েছেন কারখানার মালিক ও হাজার হাজার শ্রমিক।
সরেজমিনে কালিয়াকৈর ও চন্দ্রা শিল্পাঞ্চলে গিয়ে দেখা যায়, বেশিরভাগ কারখানার যন্ত্রপাতি অলস পড়ে রয়েছে। যেসব কারখানায় সীমিত পরিসরে কাজ চলছে, সেখানেও গ্যাসের স্বল্পতার কারণে পণ্যের মান নষ্ট হচ্ছে। ডাইং কারখানায় কাপড়ের সঠিক রং আসছে না এবং সিরামিক কারখানায় উৎপাদিত পণ্য ফেটে যাচ্ছে।
ক্ষতিগ্রস্ত কারখানা মালিক মো. রফিকুল ইসলাম বলেন, ব্যাংক থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়ে কারখানা চালু করেছি। কিন্তু গত দুই মাস ধরে গ্যাস না থাকায় কোনো উৎপাদন ও আয় নেই। অথচ ব্যাংক থেকে প্রতিদিন তাগাদা দেওয়া হচ্ছে। অন্যদিকে সন্তানের স্কুলের বেতন দেওয়া তো দূরের কথা, জীবন চালানোই কঠিন হয়ে পড়েছে।
উৎপাদন বন্ধ থাকায় কারখানার ভাড়া পরিশোধ এবং ব্যাংক ঋণের কিস্তি নিয়ে উদ্যোক্তারা এখন আত্মহত্যার মতো চরম মানসিক সংকটে দিন কাটাচ্ছেন। বিদেশি ক্রেতারাও সময়মতো পণ্য সরবরাহ করতে না পেরে অর্ডার বাতিল করছেন।
দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় বেকার হয়ে পড়ার আশঙ্কায় রয়েছেন কালিয়াকৈরের হাজার হাজার শ্রমিক। অনেক কারখানা ইতিমধ্যে শ্রমিকদের অর্ধেক বেতনে ছুটি দিতে বাধ্য হয়েছে। একজন শ্রমিক ক্ষোভ প্রকাশ করে জানান, ১৫ দিন ধরে কোনো কাজ নেই। এমন পরিস্থিতিতে বাসা ভাড়া ও বাজার খরচ কীভাবে চালাবেন, তা নিয়ে তিনি দুশ্চিন্তায় আছেন।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, কালিয়াকৈর এলাকায় শিল্প ও আবাসিক খাতে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ১৫০ মিলিয়ন ঘনফুট। বিপরীতে সরবরাহ করা হচ্ছে মাত্র ৪০ থেকে ৫০ মিলিয়ন ঘনফুট। জাতীয় গ্রিডে গ্যাসের ঘাটতি থাকায় রেশনিং পদ্ধতির মাধ্যমে এই সরবরাহ বজায় রাখা হচ্ছে।
এদিকে গাজীপুর চেম্বার অব কমার্সের নেতারা জানান, গ্যাস ও বিদ্যুতের সংকটে শিল্প খাত যে অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে, তা সামাল দিতে সরকারের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। তারা আগামী তিন মাসের ব্যাংক কিস্তি, সুদ ও জরিমানা মওকুফের পাশাপাশি শিল্পাঞ্চলটিতে অগ্রাধিকার ভিত্তিতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম ফখরুল হোসেন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কালিয়াকৈর দেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল। এখানে গ্যাসের অভাবে উৎপাদন ব্যাহত হলে জাতীয় অর্থনীতিও বড় ধাক্কা খাবে। দ্রুত গ্যাস সরবরাহ বাড়ানোর জন্য সংশ্লিষ্ট মহলে জোর তাগাদা দেওয়া হয়েছে।