গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান সামরিক অভিযানের পাশাপাশি ফিলিস্তিনিদের কণ্ঠস্বর দমানোর অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম মেটার বিরুদ্ধে। ‘দ্য প্ল্যাটফর্মিসাইড অব প্যালেস্টাইন’ শীর্ষক এক সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো মাধ্যমগুলো পদ্ধতিগতভাবে ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের তথ্য বিশ্ববাসীর কাছে পৌঁছাতে বাধা দিচ্ছে। ডিজিটাল অধিকার সংগঠন ‘সেভেনলেহ’ ও উট্রেখট বিশ্ববিদ্যালয়ের গবেষকদের যৌথ বিশ্লেষণে দেখা গেছে, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে ফিলিস্তিনিদের হাজার হাজার পোস্ট সরিয়ে ফেলা, অ্যাকাউন্ট স্থগিত করা এবং কনটেন্টের দৃশ্যমানতা কমিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। গবেষকরা একে ‘প্ল্যাটফর্মিসাইড’ বা ডিজিটাল মাধ্যমে ফিলিস্তিনিদের উপস্থিতি মুছে ফেলার পরিকল্পিত প্রচেষ্টা হিসেবে চিহ্নিত করেছেন।
অন্যদিকে, যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই দীর্ঘস্থায়ী সংঘাতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৩৮৯ জনে দাঁড়িয়েছে এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৭৪ হাজার। এর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ১২৬০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। উদ্ধার সরঞ্জাম ও প্রয়োজনীয় সরঞ্জামের তীব্র সংকটের কারণে ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষের মরদেহ আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে, যা মানবিক পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।