সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতারকৃত দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার রায়গঞ্জ আমলি আদালতের বিচারক ওমর ফারুক এ আদেশ দেন। রিমান্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন রায়গঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব গোলাম মুক্তাদির এবং স্থানীয় ব্যবসায়ী আলমগীর হোসেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানালেও শুনানি শেষে আদালত একদিনের অনুমোদন দেন।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১৫ আগস্ট সন্ধ্যায় ধানগড়া বাজারে একটি মতবিনিময়সভা শেষে বের হওয়ার সময় সংসদ সদস্যের ওপর হামলা চালানো হয়। এ সময় এমপি অক্ষত থাকলেও তার ব্যবহৃত গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় শামীমুল হাসান নামের এক স্থানীয় বিএনপি নেতা বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৩০-৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।