সুলতান আহমেদ ময়না, শেরপুর
ক্ষুধা, অসুস্থতা আর স্বজন হারানোর বেদনায় বিপর্যস্ত এক হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়ে মানবতার এক অনন্য নজির স্থাপন করেছেন শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী। শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ওই পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি গুরুতর অসুস্থ এবং পরিবারে একজন শারীরিক প্রতিবন্ধী সন্তান রয়েছে। এর ওপর সম্প্রতি ক্যানসারে আক্রান্ত হয়ে পরিবারের একমাত্র নারী সদস্যের মৃত্যুর পর পরিবারটি চরম মানবেতর জীবনযাপন করছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই মর্মস্পর্শী খবর ছড়িয়ে পড়ার পর বিষয়টি স্থানীয় দানবীর আলহাজ্ব হযরত আলীর নজরে আসে। গত ১৩ সেপ্টেম্বর রাতে তিনি নিজে খাদ্যসামগ্রী নিয়ে ওই জরাজীর্ণ বাড়িতে ছুটে যান। সেখানে তিনি অসুস্থ গৃহকর্তার খোঁজখবর নেন এবং নিজ হাতে তাঁকে খাবার খাইয়ে দেন। পাশাপাশি, তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা, খাবার ও ওষুধপত্র প্রদানের পাশাপাশি ওই পরিবারের অসুস্থ গৃহকর্তা ও প্রতিবন্ধী সন্তানের প্রতি মাসের ওষুধ ও পুষ্টিকর খাবারের যাবতীয় খরচের দীর্ঘমেয়াদী দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি।
এ সময় তিনি জানান, শেরপুরের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও তাঁর কন্যা ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাও পরিবারটির নিয়মিত খোঁজখবর রাখবেন। মধ্যরাতে একজন রাজনৈতিক নেতার এমন মানবিক সহায়তা স্থানীয় এলাকাবাসীর মাঝে গভীর আবেগের সৃষ্টি করে। পরবর্তীতে জেলা প্রশাসকও পরিবারটির পাশে দাঁড়ান। আলহাজ্ব হযরত আলীর এই প্রশংসনীয় উদ্যোগ সমাজে বিত্তবান ও মানবিক মানুষদের অসহায়দের সহায়তায় এগিয়ে আসার অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন স্থানীয়রা।