ফয়সাল আহমেদ, সিংড়া উপজেলা প্রতিনিধি
সিংড়ার ৬ নম্বর হাতিয়ান্দহ ইউনিয়নকে একটি জনবান্ধব ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং কর্মসংস্থান সৃষ্টির ওপর বিশেষ জোর দিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহ মোঃ কায়ছার হায়দার (হেলাল)। তিনি বলেন, কেবল অবকাঠামোগত উন্নয়নই যথেষ্ট নয়, বরং জনসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জবাবদিহিমূলক নেতৃত্ব অত্যন্ত জরুরি।
গত শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সিংড়ার বড় সাঐল বাজারে সিংড়া স্মার্ট প্রেস ক্লাব (SSPC) আয়োজিত ব্যতিক্রমী অনুষ্ঠান ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেস’-এ সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তিনি। এ সময় তিনি জানান, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই কেবল এলাকার প্রকৃত উন্নয়ন সম্ভব। জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং সাংবাদিকদের মতামতের ভিত্তিতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে চান তিনি।
তরুণ সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে তা দ্রুত সমাধানের প্রত্যয় ব্যক্ত করেন এই সম্ভাব্য প্রার্থী। তিনি উল্লেখ করেন, জনগণের আস্থা অর্জন করতে পারলে তাঁর প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবে রূপ দেওয়ার জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করবেন।
উল্লেখ্য, শাহ মোঃ কায়ছার হায়দার হেলাল চামারী ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ। পাশাপাশি তিনি সিংড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং হাতিয়ান্দহ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমান তিনি উপজেলা নির্বাচন পরিচালনা কমিটিরও গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারাসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের এই আয়োজনের উদ্দেশ্য ছিল সম্ভাব্য প্রার্থীদের সরাসরি প্রশ্নের মুখোমুখি করে এলাকার উন্নয়ন ও নাগরিক অধিকার নিয়ে খোলামেলা আলোচনার সুযোগ সৃষ্টি করা, যা স্থানীয় পর্যায়ে বেশ সাড়া ফেলেছে। অনুষ্ঠানটি ক্লাবের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়।