ইমাম হাছাইন পিন্টু, নাটোর
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং কঠোর দলীয় শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে নাটোরের সিংড়ায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় সিংড়া পৌরসভা মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে এই সভা সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সদস্য ও ৪নং কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল ফটিক এবং উপজেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শামীম হোসেন ভিপি প্রমুখ।
কর্মীসভায় সিংড়া পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী, উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এবং উপজেলার ১২টি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা অংশ নেন। এ ছাড়াও তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলের অবস্থান শক্তিশালী করতে এবং তৃণমূল পর্যায়ে ধানের শীষের জয় নিশ্চিত করতে কোনো ধরনের দলীয় শৃঙ্খলাভঙ্গ সহ্য করা হবে না। তিনি সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে মাঠে সক্রিয় থাকার নির্দেশ দেন।
সভায় মূলত তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং আসন্ন নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।