ইমাম হাছাইন পিন্টু, নাটোর
নাটোরের সিংড়া উপজেলায় ঈদগাহ মাঠের জমি পরিমাপ ও দখলকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের পাছলাড়ুয়া ঈদগাহ মাঠ এলাকায় পাছলাড়ুয়া ও নতুনবস্তি গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্র জানায়, পাছলাড়ুয়া ঈদগাহ মাঠের জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই গ্রামের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে সকালে জমি মাপজোক নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। হামলায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে সিংড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে স্থানীয়রা এই বিরোধের স্থায়ী সমাধান ও সঠিক সীমানা নির্ধারণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।