ইমাম হাছাইন পিন্টু নাটোর
নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রাম বাজারে অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অপরাধে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে চার ব্যবসায়ীর কাছ থেকে মোট ২৬১ বস্তা সার জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের ৮০ হাজার টাকা জরিমানা এবং দুজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আন্জুমের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে ব্যবসায়ী সোহেলের দোকান থেকে ৮ বস্তা সার জব্দ করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আব্দুস সালামের কাছ থেকে ৫৩ বস্তা সার জব্দ ও ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে আবুল হাসেমের ৫৩ বস্তা সার জব্দ করে তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে, মোবারকের কাছ থেকে সর্বাধিক ১৪৭ বস্তা সার জব্দ করা হয় এবং তাকে ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এই দণ্ড প্রদান করা হয়েছে। প্রশাসনের এমন কঠোর পদক্ষেপে স্থানীয় কৃষকরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, কৃষিমৌসুমে সারের কৃত্রিম সংকট রোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।