ইমাম হাছাইন পিন্টু নাটোর
নাটোর শহরতলির দক্ষিণ বড়গাছা এলাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯০০ গ্রাম গাঁজাসহ হাজেরা বেগম (৫৫) নামের এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এই অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ বড়গাছা এলাকার মৃত আকবর আলীর স্ত্রী হাজেরা বেগমের বাড়িতে যৌথ অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে ঘরের ওয়ারড্রপের পেছনে অত্যন্ত চতুরতার সাথে তৈরি একটি গোপন লকার খুঁজে পান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে ওই লকার থেকে প্যাকেটজাত অবস্থায় ৯০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
অভিযুক্ত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত করা হয়েছে। আবাসিক এলাকায় এ ধরনের গোপন মাদক ব্যবসা নির্মূলে গোয়েন্দা নজরদারি ও যৌথ অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।