রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দাদা এবং তার এক নাতি ও নাতনির প্রাণহানির ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইব্রাহিম পাটোয়ারী বাড়ির একটি পুকুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ৭০ বছর বয়সী বৃদ্ধ আবু সিদ্দিক পাটোয়ারী, তার নাতি পিয়াস (৮) এবং নাতনি পপি আক্তার (৬)। নিহত আবু সিদ্দিক ওই এলাকার আব্দুল মান্নান পাটোয়ারীর ছেলে। পিয়াস তার ছেলে আব্দুল আজিজের এবং পপি তার মেয়ে সুমি আক্তারের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দাদা আবু সিদ্দিক তার দুই নাতি-নাতনিকে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। তিনি পানিতে নামার পর দীর্ঘক্ষণ ভেসে না ওঠায় আশঙ্কা তৈরি হয়। একপর্যায়ে দাদাকে পানিতে খুঁজতে গিয়ে নাতি পিয়াস ও নাতনি পপিও পানিতে ডুবে যায়। ঘটনার প্রায় এক ঘণ্টা পর স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করেন।
প্রাথমিক ধারণা করা হচ্ছে, পুকুরে নামার পর আবু সিদ্দিক সম্ভবত স্ট্রোক করেছিলেন, যার কারণে তিনি আর উঠতে পারেননি। আর দাদাকে বাঁচাতে গিয়েই শিশু দুটিও এই ট্র্যাজেডির শিকার হয়।
শাকচর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মেহেদী হাসান ফারুক এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।