ইমাম হাছাইন পিন্টু, নাটোর
নাটোরের গুরুদাসপুরে একটি কাভার্ড ভ্যান ও মরদেহবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরের দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তালবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকামুখী একটি মরদেহবাহী অ্যাম্বুলেন্স নাটোরের দিকে যাওয়ার সময় তালবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি সড়কের পাশে খাদে পড়ে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। দুর্ঘটনায় আহত আটজনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি চারজনকে স্থানীয় গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর এর চালক পালিয়ে যেতে সক্ষম হন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।