ইমাম হাছাইন পিন্টু নাটোর
নাটোরে আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে সামাজিক ও মানবিক সংগঠন ‘রাশিদ-নিলু ফাউন্ডেশন’। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও গুরুদাসপুর উপজেলার বিভিন্ন এলাকার অসুস্থ রোগী, মেধাবী শিক্ষার্থী এবং ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান করেছে সংস্থাটি। বুধবার (আজ) বিকেলে পৌর সদরের চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুদান বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আমেরিকা প্রবাসী ও ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. রাশিদুল ইসলামের পক্ষ থেকে মোট ৮ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। এর মধ্যে ১১০ জন কৃতি শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি, ১৫টি ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠান এবং ১১০ জন দুস্থ ও অসহায় রোগীকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়।
ফাউন্ডেশনের উপদেষ্টা আমিরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ হারুনুর রশিদ, অধ্যক্ষ আফছার আলী, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, ব্যবসায়ী নাজিম উদ্দীন সরদার, সাংবাদিক আলী আক্কাছ, প্রভাষক শহিদুল ইসলাম এবং শিক্ষার্থী সাবিহা ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘দৈনিক চলনবিল প্রবাহ’-এর প্রকাশক ও সম্পাদক মাহমুদুল হক খোকন।
অনুদান পেয়ে শুকুর মাহমুদ, মো. খুদু ও রোকেয়া বেগমের মতো অসহায় রোগীরা জানান, এই আর্থিক সহায়তা তাদের ঘুরে দাঁড়াতে বড় ধরনের সাহস ও সহায়তার পথ দেখিয়েছে। শিক্ষাবৃত্তি পাওয়া শিক্ষার্থী সাবিহা ইসলাম ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই উৎসাহ তাদের পড়াশোনায় আরও মনযোগী হতে অনুপ্রাণিত করবে।
সংগঠনটির চেয়ারম্যান মো. রাশিদুল ইসলামের দুই ছেলে—রিদন তালহা ইবনে রাশিদ ও জুবায়ের ইসলাম রাহাত—জানান, তারা তাদের বাবা-মায়ের এই মানবিক পথ অনুসরণ করে ভবিষ্যতে ফাউন্ডেশনের কার্যক্রম আরও বিস্তৃত করতে চান।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রাশিদুল ইসলাম বলেন, “২০২১ সালে প্রতিষ্ঠার পর থেকেই আমাদের সংগঠনটি জনকল্যাণে কাজ করে যাচ্ছে। মানুষের কল্যাণে আগামী দিনে এই কার্যক্রম আরও বড় পরিসরে পরিচালনার পরিকল্পনা রয়েছে।”