দেশে বেআইনি ও লুট হওয়া অস্ত্র পুনরুদ্ধারে একটি বিশেষ দল গঠন করেছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, এই অভিযান আরও গতিশীল করতে তথ্যদাতা বা সাধারণ মানুষকে নগদ অর্থ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারী আগ্নেয়াস্ত্রের তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা এবং পিস্তল বা শটগানের মতো অস্ত্র উদ্ধারে সহায়তা করলে ৫০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া টিয়ারশেল বা সাউন্ড গ্রেনেডের মতো উপকরণের ক্ষেত্রেও ১০ থেকে ২০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।
রাজারবাগে অপরাধ পর্যালোচনা সভায় মন্ত্রী আরও জানান, তথ্যদাতার পরিচয় কঠোরভাবে গোপন রাখা হবে। পাশাপাশি মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস নির্মূলে পুলিশ কর্মকর্তাদের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং ব্যর্থদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং নতুন কৌশল প্রয়োগ করা হচ্ছে, যার মাধ্যমে শিগগিরই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।