ইমাম হাছাইন পিন্টু, নাটোর
নাটোরের গুরুদাসপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল আজিজ।
সভায় শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কঠোর নির্দেশনা দিয়ে এমপি আব্দুল আজিজ বলেন, যেসব শিক্ষক কোচিং বা প্রাইভেট বাণিজ্যের সঙ্গে জড়িত, তারা কোনোভাবেই প্রশ্নপত্র তৈরিতে অংশ নিতে পারবেন না। শিক্ষকরা নিজেদের দায়িত্ব পালনে অবহেলা করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকেই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মাদক ও সামাজিক অপরাধ দমনের বিষয়ে তিনি আরও বলেন, বিভিন্ন চোরাপথে মাদক প্রবেশের চেষ্টা করা হলেও বিগত কয়েক মাসের ধারাবাহিক অভিযানে পরিস্থিতি বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি বলেন, মাদক নির্মূল এবং বাল্যবিয়েসহ যেকোনো অনিয়মের বিরুদ্ধে সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় গুরুদাসপুরকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করা সম্ভব।
উপজেলা প্রশাসনের আয়োজিত এই মাসিক সভায় অন্যান্যের মধ্যে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।