জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি
বকেয়া বেতন ও বিভিন্ন সুযোগ-সুবিধা পরিশোধের দাবিতে চট্টগ্রামের হাটহাজারী সড়কের আতুরের ডিপো এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ‘ইত্যাদি জিন্স’ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার (১৯ আগস্ট) সকালে কারখানাটির শত শত শ্রমিক প্রধান সড়কে অবস্থান নিলে ব্যস্ততম এই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে তাদের নিয়মিত বেতন ও অন্যান্য পাওনা পরিশোধে গড়িমসি করছে। বারবার তাগাদা দিলেও কোনো সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে তারা রাজপথে নেমেছেন। দ্রুত তাদের পাওনা বুঝিয়ে দেওয়া না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন তারা।
এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বায়েজিদ বোস্তামী থানা-পুলিশ এবং শিল্প পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।
এ বিষয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়েছিলেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কারখানা কর্তৃপক্ষ এবং শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে। খুব শীঘ্রই বিষয়টি সমাধান করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।