রাজধানীর মোহাম্মদপুর এলাকাকে অপরাধমুক্ত করতে চলমান বিশেষ অভিযানের বিষয়ে র্যাবের পক্ষ থেকে ইতিবাচক তথ্য জানানো হয়েছে। র্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান জানিয়েছেন, বর্তমানে মোহাম্মদপুরে কোনো কিশোর গ্যাং সক্রিয় নেই। গ্যাংগুলোর মূল নিয়ন্ত্রক বা গডফাদারদের আইনের আওতায় আনার মাধ্যমে এলাকাটিকে আগের তুলনায় অনেক বেশি স্থিতিশীল ও নিরাপদ করে তোলা হয়েছে।
কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মোহাম্মদপুরকে ঘিরে যে নেতিবাচক ধারণা বা ‘হাইপ’ তৈরি করা হয়েছিল, তা দূর করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলসভাবে কাজ করছে। এলাকাটি পুরোপুরি বখাটে ও সন্ত্রাসমুক্ত করতে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং অদূর ভবিষ্যতে মোহাম্মদপুর সাধারণ মানুষের বসবাসের জন্য আরও নিরাপদ হয়ে উঠবে।
কিশোর গ্যাং লিডার ‘এলেক্স ইমন’ হত্যাকাণ্ডের বিষয়টি তদন্তাধীন উল্লেখ করে তিনি জানান, এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তারা রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য এবং এর পেছনে জড়িতদের সম্পর্কে বিস্তারিত তথ্য উদঘাটন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।