সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ, আহত ১০

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১২ Time View
16

সাতক্ষীরা সদর উপজেলায় ছাত্রলীগের হামলায় জেলা ছাত্রদলের সহসভাপতি মনজুরুল আলম বাপ্পীসহ ১০ নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন- ঘোনা গ্রামের বকুল হায়দারের ছেলে জেলা ছাত্রদলের সহসভাপতি মনজুরুল আলম বাপ্পী, তাঁর ভাই রাজিব হোসেন, আব্দুর রশিদের ছেলে আব্দুর রকিব, বকুল হায়দার, নজরুল ইসলামের ছেলে জাহিদ হাসান, ঝিটকি গ্রামের ওয়াজেদ আলীর ছেলে ছাত্রদল নেতা আব্দুস সালাম, রহিচপুর গ্রামের আরশাদ আলীর ছেলে তহিদুল হোসেন ও শওকত হোসেনের ছেলে মাহামুদুল হাসান।

অভিযুক্ত নাজমুল ঘোনা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি।

হাসপাতালে চিকিৎসাধীন মনজুরুল আলম বাপ্পী বলেন, শনিবার রাত ৯টার দিকে ঘোনা ইউনিয়ন ছাত্রলীগ নেতা নাজমুলের একটি কল রেকর্ড তাদের হাতে আসে। ওই রেকর্ডে ছাত্রদলের এক নেতা ও বিএনপিকে নিয়ে অকথ্য ভাষায় গালাগাল করা হয়। বিষয়টি জানতে চাইলে ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হোসেনকে নাজমুল আটকে রাখেন। খবর পেয়ে কয়েকজন নেতাকর্মীকে নিয়ে সেখানে গেলে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান।

বাপ্পীর ভাষ্য, হামলাকারীরা বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে তাদের মারধর করে। এতে তিনিসহ ১০ জন আহত হন।

আহত ছাত্রদল নেতা আব্দুস সালাম বলেন, ঘোনা ইউনিয়নের একটি বৈঠক শেষে বের হওয়ার পর তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

স্থানীয়দের ভাষ্য, কল রেকর্ডকে কেন্দ্র করে ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হোসেনকে আটকে রাখার খবর পেয়ে জেলা ছাত্রদলের সহসভাপতি মনজুরুল আলম বাপ্পীসহ ১০-১৫ জন নেতাকর্মী সেখানে যান। পরে ঘোনা ইউনিয়ন ছাত্রলীগ নেতা নাজমুল হাসান ও তার বাবা লাল্টু মেম্বারের নেতৃত্বে তাদের ওপর হামলা হয়।

তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান বলেন, স্থানীয় জামায়াতের শেল্টারে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে। তিনি ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com