জুলাই মাসের গণঅভ্যুত্থান কেবল ৩৬ দিনের কোনো ঘটনা নয়, বরং এটি দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের ফসল বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেন, যে দিন থেকে দেশে গণতন্ত্রের পথ রুদ্ধ করা হয়েছিল, সেদিন থেকেই মূলত এই আন্দোলনের সূচনা হয়। রোববার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লেকচারার হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, এই বিজয়ের কৃতিত্ব দেশের ১৮ কোটি মানুষের, তবে দীর্ঘ এই গণতান্ত্রিক লড়াইয়ে বেগম খালেদা জিয়ার অবদানের কথা বিশেষভাবে স্মরণীয়। জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে ও আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধাদের মূল্যায়নের জন্য সরকার একটি নতুন অধিদপ্তর গঠন করেছে। বর্তমানে যারা স্বীকৃতির বাইরে রয়েছেন, তাদের তালিকাভুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে বক্তারা গত ১৭ বছরের রাজনৈতিক অস্থিরতায় গুম ও হত্যার শিকার ব্যক্তিদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। অপশক্তির ষড়যন্ত্র রুখে দিতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের যথাযথ মর্যাদায় মূল্যায়নের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।