ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটনকেন্দ্র ব্রমো টেঙ্গার সেমেরু জাতীয় উদ্যানে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। গত সোমবার শুরু হওয়া এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত প্রায় ১৭৬ হেক্টর বনভূমি ভস্মীভূত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর পাশাপাশি হেলিকপ্টার ব্যবহার করে আকাশপথে পানি ছিটানো হচ্ছে। দুর্গম পাহাড়ি এলাকা ও প্রবল বাতাসের কারণে স্থলপথে আগুন নেভানোর কাজে বেশ বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকদের ওই উদ্যানে প্রবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ও আবহাওয়া বিভাগের তথ্যমতে, এল নিনোর প্রভাবে এ বছর শুষ্ক মৌসুম দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে, যা দাবানলের ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথমার্ধে ইন্দোনেশিয়ায় প্রায় ১ লাখ ৭ হাজার হেক্টর জমি দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। উল্লেখ্য, ২০২৩ সালেও একই এলাকায় পর্যটকদের অসতর্কতায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। পরিস্থিতি মোকাবিলায় আবহাওয়া সংস্থাগুলো বিশেষ সতর্কবার্তা জারি করেছে।