ফাইনালে স্পেনের কাছে ০-১ গোলে হারের পর থেকেই আর্জেন্টিনাকে নিয়ে বিতর্কের সূত্রপাত। বিশ্বকাপের একাধিক ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছিল। নেট দুনিয়ায় অনেকেই সুর চড়িয়ে বলেছিলেন, ফিফা না কি লিওনেল মেসি এবং আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিয়েছে।
এ পরিস্থিতিতেই মিলেইয়ের সরকারের নতুন নির্দেশনায় বলা হয়েছে, আর্জেন্টিনা, দেশের মানুষ এবং জাতীয় প্রতীকগুলির সুরক্ষার বিষয়ে কোনো আপস করা হবে না। যারা আর্জেন্টিনার বিরুদ্ধে আগ্রাসী আচরণ করবে, তারা আমাদের দেশে স্বাগত নয়।
কোনো বিদেশি ব্যক্তি কথায়, লেখায় কিংবা অন্য কোনও মাধ্যমে আর্জেন্টিনার বিরুদ্ধে ঘৃণা ছড়ালে তার ভিসা বাতিল করতে পারবে সরকার।
বিশ্বকাপ শেষ হওয়ার পর বিতর্ক অবশ্য কমেনি। ফাইনালের পর ঘটনায় লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মলিনাসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মারধর ও অসদাচরণের অভিযোগ এনেছে ফিফা। সেই ঘটনা নিয়ে তদন্ত করছে ফিফা। পাশাপাশি ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর আর্জেন্টিনার কয়েকজন ফুটবলারের ফকল্যান্ড নিয়ে ব্যানার দেখানোর ঘটনাও তদন্তের আওতায়।
তবে সরকারের সিদ্ধান্ত নিয়ে অবশ্য প্রশ্ন তুলেছে বিরোধীরা। তাদের বক্তব্য, কোন মন্তব্যকে ‘ঘৃণামূলক’ বলা হবে, তার পরিষ্কার কোনো সংজ্ঞা নেই। ফলে নিয়ম প্রয়োগের ক্ষেত্রে সরকারের হাতে অতিরিক্ত ক্ষমতা চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিরোধী সাংসদ ম্যাক্সিমিলিয়ানো ফেরারো বলেন, এ নিয়ম কীভাবে প্রয়োগ হবে, তা পরিষ্কার নয়। কার মন্তব্যকে কোন ভিত্তিতে ঘৃণামূলক বলা হবে, সেটাও স্পষ্ট করা হয়নি।
ফলে বিশ্বকাপের মাঠে শুরু হওয়া বিতর্ক এবার পৌঁছে গেল আর্জেন্টিনার রাজনীতির অন্দরেও। ফুটবলকে ঘিরে বিদ্বেষ ঠেকাতে গিয়ে মতপ্রকাশের স্বাধীনতা কতটা সুরক্ষিত থাকে, সেই প্রশ্নই এখন উঠছে।