ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনে গুরুত্বপূর্ণ চারটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। রবিবার (৩০ আগস্ট) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদীয় অধিবেশনে এই কমিটিগুলো নতুন করে সাজানোর প্রস্তাব উত্থাপন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে চিফ হুইপ মো. নুরুল ইসলাম প্রস্তাবটি পেশ করলে সংসদ তা অনুমোদন করে।
পুনর্গঠিত কমিটিগুলোর মধ্যে রয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। এই নতুন বিন্যাসে আইন, বিচার ও সংসদ বিষয়ক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির। এছাড়া শিল্প মন্ত্রণালয়ে মো. আবুল কালাম, বাণিজ্য মন্ত্রণালয়ে মো. খালেদ হোসেন মাহবুব এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে জহরত আদিব চৌধুরীকে মনোনীত করা হয়েছে।