কলকাতার নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ নামক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানির ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। নিহতদের মধ্যে আটজনই বাংলাদেশি নাগরিক হওয়ার বিষয়টি ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। এই মর্মান্তিক ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার সন্ধ্যায় নিউমার্কেট থানার পুলিশ স্থানীয় বিভিন্ন হোটেল, গেস্টহাউস ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে এক বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করেছে। অভিযানের মূল লক্ষ্য ছিল সংশ্লিষ্ট ভবনগুলোতে অগ্নিনির্বাপণ ও জরুরি নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর রয়েছে, তা সরেজমিনে যাচাই করা।
প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডের শিকার শিখা ইন ভবনটিকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে নোটিশ জারি করা হয়েছে। এতে ভবনটিকে পর্যাপ্ত অগ্নিনিরাপত্তাহীন উল্লেখ করে জরুরি ভিত্তিতে তা খালি করার নির্দেশনা দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে এলাকার অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে, অগ্নিকাণ্ডের শোকাবহ এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করে শ্রদ্ধা নিবেদন করেছেন। ভবিষ্যতে এমন বিপর্যয় এড়াতে প্রতিটি ভবনে কঠোর অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।