রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন

‘সে/ক্স ডাক্তার’ অপপ্রচার ও প্রতারণা নিয়ে যা বললেন ডা. তাসনিম জারা

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১৮ Time View
21

ওষুধ ও স্লিমিং পণ্য বিক্রির নামে নিজের নাম ও ছবি ব্যবহার করে চলমান প্রতারণা এবং রাজনৈতিক অপপ্রচার নিয়ে মুখ খুলেছেন প্রখ্যাত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী ডা. তাসনিম জারা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে চলা নেতিবাচক প্রচারণার পেছনের কারণ ও এর তীব্র প্রতিবাদ জানিয়ে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন তিনি।

শনিবার রাতে ফেসবুকে দেওয়া ওই পোস্টে তাসনিম জারা জানান, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কিছু কর্মী তাকে হেয় করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে ‘সেক্স ডাক্তার’ বলে অপপ্রচার চালিয়ে আসছে। তবে এই অপপ্রচারের তাৎক্ষণিক কোনো জবাব না দেওয়ার দুটি মূল কারণ তুলে ধরেন তিনি।

প্রথমত, তিনি যদি ত্বরিত প্রতিবাদ জানিয়ে বলতেন যে তিনি ওই ধরনের চিকিৎসক নন, তবে পরোক্ষভাবে এটাই স্বীকার করা হতো যে যৌনস্বাস্থ্য নিয়ে কাজ করা বা বিষয়টি নিয়ে কথা বলা কোনো লজ্জার বিষয়। অথচ চিকিৎসাবিজ্ঞানের এই শাখাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা বহু মানুষের ভাঙা সংসার জোড়া লাগানো এবং জটিল মানসিক ও শারীরিক সংকট দূর করতে বড় ভূমিকা রাখছে। একে কোনোভাবেই গালি হিসেবে দেখা উচিত নয় বলে মনে করেন তিনি।

দ্বিতীয়ত, রোগীদের স্বার্থের কথা চিন্তা করে তিনি এতদিন চুপ ছিলেন। তার মতে, এ ধরনের ট্যাগের বিরুদ্ধে অতিমাত্রায় প্রতিক্রিয়া জানালে সমাজে যৌন সমস্যা নিয়ে কথা বলার ওপর নেতিবাচক প্রভাব পড়ত। ফলে সাধারণ মানুষ আরও বেশি সংকোচে ভুগে হাতুড়ে চিকিৎসকদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হতো। যারা এই পেশাকে হেয় করে মন্তব্য করেন, তাদের মানসিক কূপমণ্ডূকতা ও অপরিপক্বতাই এর জন্য দায়ী বলে মন্তব্য করেন তিনি।

নিজের নাম ভাঙিয়ে চলা প্রতারণা চক্র সম্পর্কে সতর্ক করে ডা. জারা জানান, একটি চক্র প্রথমে তার ছবি ব্যবহার করে অরুচিকর বিজ্ঞাপন তৈরি করে এবং পরে সেই স্ক্রিনশট ছড়িয়ে দাবি করে যে তিনি এসব পণ্যের সঙ্গে জড়িত। মূলত এই কুৎসার সুযোগ নিয়েই একদল প্রতারক তার ছবি ও নাম ব্যবহার করে অনলাইনে বিভিন্ন ওষুধ, স্লিমিং পণ্য ও ভুয়া চিকিৎসা সামগ্রী বিক্রি করছে।

তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, সামাজিক মাধ্যমে তিনি কখনোই কোনো ধরনের ওষুধ, স্লিমিং পণ্য কিংবা চিকিৎসা সেবা বিক্রি করেননি। গর্ভবতী নারীদের জন্য তৈরি ‘Shohay Pregnancy’ অ্যাপ ছাড়া তার নামে অনলাইনে যা কিছু বিক্রির কথা প্রচার করা হচ্ছে, তার পুরোটাই সম্পূর্ণ প্রতারণা। তাই সাধারণ মানুষকে এ বিষয়ে সতর্ক থাকার এবং অন্যকেও সচেতন করার আহ্বান জানান তিনি। পোস্টের শেষে তিনি যৌনস্বাস্থ্য নিয়ে কাজ করা চিকিৎসকদের প্রতি সম্মান জানান এবং রোগীদের যেকোনো স্বাস্থ্য সমস্যায় সংকোচ না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com