জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শ্রমিকদের প্রতিটি পরিবারকে ১০ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি এ দুর্ঘটনার নেপথ্যে কোনো কর্তৃপক্ষের অবহেলা ছিল কি না, তা অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।
শুক্রবার (১৪ আগস্ট) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিকদের দেখতে গিয়ে এবং শোকার্ত স্বজনদের সান্ত্বনা দেওয়ার সময় অর্থ উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী এই সহায়তার ঘোষণা দেন।
তিনি জানান, বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) উদ্যোগে তাৎক্ষণিকভাবে এই ১০ লাখ টাকা প্রদান করা হচ্ছে। এছাড়া সরকারিভাবেও ক্ষতিগ্রস্ত ও শোকাহত পরিবারগুলোকে আরও আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।
সীতাকুণ্ডের এই দুর্ঘটনা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা আরও উল্লেখ করেন, দুর্ঘটনাকবলিত জাহাজটির গ্যাস নিঃসরণ রোধে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল ইতিমধ্যে উদ্ধার ও সুরক্ষামূলক কাজ চালিয়ে যাচ্ছে। নিরাপত্তাজনিত বা সেফটি কমপ্লায়েন্সের কোনো ত্রুটি ছিল কি না, তা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সীতাকুণ্ডের ‘ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে’ এলএনজি বহনকারী একটি পরিত্যক্ত জাহাজ কাটার সময় হঠাৎ বিষাক্ত গ্যাস নির্গত হয়ে এই প্রাণহানির ঘটনা ঘটে।
হাসপাতালে অর্থ উপদেষ্টার এই পরিদর্শনের সময় চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, বিএনপি নেতা আবুল হাশেম বক্কর ও চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলমসহ স্থানীয় প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।