মোঃ আশরাফুল, চরফ্যাশন (ভোলা):
ভোলার চরফ্যাশনে মিয়ানমারে পাচারকালে ২৯৩ বস্তা ইউরিয়া সারসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি বড় ফিশিং বোটও জব্দ করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) ভোর চারটার দিকে উপজেলার আসলামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বেতুয়া নতুন ফিশারি ঘাট এলাকায় এই অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন—নোয়াখালী জেলার আছিউল আলমের ছেলে সিরাজ (৬০), চরফ্যাশন উপজেলার মুফাজ্জল হোসেনের ছেলে পারভেজ (৪০), নোয়াখালীর অহিদ হাওলাদারের ছেলে সোহেল (৩২) এবং একই জেলার নবি উদ্দিনের ছেলে শাহারাজ (৪৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে বেতুয়া ফিশারি ঘাটে একটি বড় মৎস্য বোটে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সারগুলো তোলা হচ্ছিল। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে চরফ্যাশন থানায় খবর দেন। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২৯৩ বস্তা সারসহ চারজনকে হাতেনাতে আটক করে। পরে জব্দকৃত সার ও ট্রাকসহ তাদের থানায় নিয়ে যাওয়া হয়।
ঘাট এলাকার এক স্থানীয় মাঝি জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে এই জলপথ ব্যবহার করে মিয়ানমারে সারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য পাচার করে আসছে। এছাড়া মিয়ানমার থেকে ফেরার পথে তারা ভোলায় মাদকের চালান নিয়ে আসে বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চার পাচারকারীকে আটক করা হয়েছে। এ সময় ২৯৩ বস্তা সার ও একটি ট্রাক জব্দ করা হয়। এছাড়া ফিশিং বোট জব্দের পাশাপাশি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।