সরকারি নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি পরীক্ষার্থী রুখতে নতুন করে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সম্প্রতি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আধুনিক প্রযুক্তি ও ইলেকট্রনিক ডিভাইসের অপব্যবহার করে অসাধু উপায়ে চাকরি পাওয়ার প্রবণতা বেড়ে যাওয়ায় মন্ত্রণালয় ১২ দফা নির্দেশনা জারি করেছে। সব মন্ত্রণালয়, বিভাগ, কমিশনার ও জেলা প্রশাসকদের পাঠানো এই নির্দেশনায় নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে পরীক্ষার আগে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহারসহ প্রতিটি ধাপে প্রার্থীর পরিচয় নিশ্চিত করতে হবে। পরীক্ষাকেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইস বা মোবাইল ফোন নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময় প্রার্থীর ছবি ও হাতের লেখা যাচাই করার পাশাপাশি অনিয়মকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক মোবাইল কোর্ট বা নিয়মিত মামলার মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।