ইমাম হাছাইন পিন্টু, নাটোর
নাটোরের গুরুদাসপুর উপজেলায় গভীর রাতে গোয়ালঘরের তালা ও শিকল কেটে তিনটি গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দক্ষিণ নারীবাড়ী এলাকায় ঘটা এই চুরির ঘটনায় প্রায় সাড়ে চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী মো. মাহাতাব উদ্দিনের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বাড়ির পূর্ব পাশের গোয়ালঘরে গরুগুলো রেখে ঘুমাতে যান তিনি। গত সোমবার গভীর রাতে (আনুমানিক পৌনে চারটার দিকে) ঘুম ভেঙে গোয়ালঘরের কাছে গিয়ে তিনি দেখেন দরজার তালা, তারের নেট এবং লোহার শিকল কাটা রয়েছে। ভেতরে প্রবেশ করে তিনি দেখেন দুটি গাভি ও একটি বকনা গরু উধাও। এ সময় গোয়ালঘরের ভেতরে একটি কাঁচি পড়ে থাকতে দেখা যায়।
মালিক জানান, চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২৫ হাজার টাকা। এর মধ্যে দুটি গাভির একটি লালচে-কালো এবং অন্যটি সাদা-কালো ছোপ ছোপ রঙের। এছাড়া বকনা গরুটির শরীরেও সাদা-কালো দাগ রয়েছে।
স্থানীয়রা জানান, এলাকায় সম্প্রতি গরু চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় খামারি ও সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। এ ধরনের অপরাধ রোধে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
এর আগে গত ২১ এপ্রিল রাতে পৌর সদরের আনন্দনগর এলাকায় এক রাতেই ছয়টি গরু চুরির ঘটনা ঘটেছিল। উপজেলার বিভিন্ন স্থানে পরপর এমন চুরির ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর মাঝে।
এ বিষয়ে গুরুদাসপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) এস এম রিয়াজুল হাসান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।