যশোরের শার্শায় এক মর্মান্তিক পারিবারিক ট্র্যাজেডির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে চটকাপোতা দক্ষিণপাড়া গ্রামের নিজ বসতবাড়ি থেকে কামাল হোসেন নামে এক ব্যক্তি এবং তার পাঁচ বছর ও আড়াই বছর বয়সী দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, দুই সন্তানকে শ্বাসরোধে হত্যার পর কামাল হোসেন নিজে বিষপান করে আত্মহত্যা করেছেন।
পরিবারিক সূত্রে জানা যায়, কামালের ব্যক্তিগত জীবনে নানা জটিলতা ছিল। তার তৃতীয় স্ত্রী পারিবারিক কলহের জেরে গত এক সপ্তাহ আগেই সন্তানদের রেখে বাবার বাড়ি চলে যান। স্ত্রী চলে যাওয়ার পর থেকে দুই শিশু বাবার সাথেই ছিল। ধারণা করা হচ্ছে, পারিবারিক হতাশা ও ক্ষোভ থেকেই এই নৃশংস কাণ্ড ঘটিয়েছেন তিনি।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, কামালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলেও শিশুদের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং পরবর্তী তদন্তের মাধ্যমেই এই ঘটনার প্রকৃত কারণ ও রহস্য উন্মোচিত হবে বলে পুলিশ আশ্বস্ত করেছে।