ভারতের সাবেক পররাষ্ট্রসচিব কানওয়াল সিবাল বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও তারেক রহমানের কৌশল নিয়ে কঠোর মন্তব্য করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বলেন, তারেক রহমান নিজের জন্য এমন একটি প্রতিকূল পরিস্থিতি তৈরি করছেন, যা থেকে উত্তরণ তার জন্য কঠিন হয়ে পড়বে। বিশেষ করে ভারত সফরের ইচ্ছার সাথে শেখ হাসিনার প্রত্যর্পণের দাবিকে জুড়ে দেওয়াকে সিবাল কূটনীতি নয়, বরং এক ধরণের খামখেয়ালিপনা হিসেবে অভিহিত করেছেন। তার মতে, প্রতিবেশীর সাথে সম্পর্কের ক্ষেত্রে এমন কঠোর অবস্থান নেওয়াটা ভুল কৌশল।
ভারতের এই সাবেক কূটনীতিকের মতে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অতীতে কাশ্মীর ইস্যুতে একই ধরনের ভুল করেছিলেন, যা শেষ পর্যন্ত দেশটির জন্য সুখকর হয়নি। বর্তমানে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক পর্যায়ে যে যোগাযোগ চলছে, তা শেখ হাসিনার ভারত ত্যাগের ইস্যুটির কারণে কিছুটা অস্বস্তিকর অবস্থায় পড়েছে। বাংলাদেশ সরকার ইতোমধ্যে পলাতক ব্যক্তিদের প্রত্যর্পণের দাবি জানালেও ভারত এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো সাড়া দেয়নি।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার জন্য দুইবার আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সফরের ভবিষ্যৎ এখন অনেকটাই অনিশ্চিত। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের মধ্যে এ বিষয়ে আলোচনা চললেও, প্রত্যর্পণ চুক্তির বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত পরিস্থিতির উন্নয়ন হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন বিশ্লেষকরা।