বৈশ্বিক অস্থিরতা ও জ্বালানি সংকটের ফলে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতিতে শিল্পকারখানাগুলোর অস্তিত্ব রক্ষায় ১২ মাসের কিস্তিতে গ্যাস ও বিদ্যুৎ বিল পরিশোধের সুযোগ চেয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। সংগঠনটির নারায়ণগঞ্জ জোনের সদস্যদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এই দাবি জানানো হয়। সভাপতি মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ব্যবসায়ীরা জানান, জ্বালানি ঘাটতির কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় কারখানাগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। তারা এই সংকটকালীন সময়ে বকেয়া বিলের অজুহাতে কোনো সংযোগ বিচ্ছিন্ন না করারও আহ্বান জানিয়েছেন।
শিল্পপ্রতিষ্ঠানের স্বার্থ রক্ষায় বিকেএমইএ আরও কয়েকটি দাবি উত্থাপন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ব্যক্তিগত গাড়িতে সিএনজি সরবরাহ সাময়িক বন্ধ রাখা। এছাড়া রপ্তানি বাণিজ্যে মন্দার কারণে অনেক উদ্যোক্তার ঋণ পরিশোধের সক্ষমতা কমে যাওয়ায়, ঋণ খেলাপি ঘোষণার সময়সীমা ছয় মাস থেকে বাড়িয়ে ১২ মাস করার প্রস্তাব দিয়েছে সংগঠনটি। পরিস্থিতি সম্পর্কে স্বচ্ছ ধারণা পেতে জ্বালানি খাতের হালনাগাদ তথ্য নিয়মিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে প্রকাশের জন্যও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা।