শেখ মোহাম্মদ কামরুজ্জামান
গাজীপুরের কালিয়াকৈরে একটি পাগলা শেয়ালের আকস্মিক আক্রমণে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এই ঘটনায় পুরো এলাকজুড়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার চাপাইর ইউনিয়নের ধুলিগড়া, পামওয়েল বাজার ও গন্দেকচালা এলাকায় এই শেয়ালটি তাণ্ডব চালায়। দিন ও রাতের বিভিন্ন সময়ে শেয়ালটি লোকালয়ের বাড়িঘরে ঢুকে পড়ে এবং মানুষজনের পাশাপাশি গরু, মহিষ ও ছাগলের মতো গবাদিপাকেও কামড়ে জখম করে। এলাকায় অবাধে শেয়ালের বিচরণ থাকায় স্থানীয় বাসিন্দারা চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
আহতদের মধ্যে রয়েছে— দ্বীন ইসলাম (১২), মফিজ মাস্টার (৪০), শারমিন (৩৫), আলমাস (৩৮), আলী হোসেন (৩৫), মিম (৫) এবং হরিদাসী (৬০)-সহ প্রায় ২০ জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করেছেন।
চাপাইর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. সবুর মিয়া এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল হোসাইন জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং পরিবেশ অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।