শেখ মোঃ কামরুজ্জামান নিজস্ব প্রতিনিধি গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১১০টি নিষিদ্ধ কারেন্ট ও রিং জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। রোববার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার বেনুপুর বাজার ও বংশাই নদীর শাখা খালে এ অভিযান পরিচালিত হয়। পরে জব্দকৃত জালগুলো উপজেলা পরিষদ চত্বরে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
রোববার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলা এই অভিযানে নেতৃত্ব দেন কালিয়াকৈর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা। এ সময় অবৈধভাবে ব্যবহৃত ও মজুতকৃত ১০০টি কারেন্ট জাল এবং ১০টি রিং জাল উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আলম, উপজেলা মৎস্য দপ্তরের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মোসলেহ উদ্দিনসহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, কারেন্ট ও রিং জালের নির্বিচার ব্যবহারের ফলে দেশীয় প্রজাতির মাছ ও পোনা নিধন হচ্ছে, যা জলজ জীববৈচিত্র্য ও মাছের প্রজননকে মারাত্মক হুমকির মুখে ফেলছে। মৎস্যসম্পদ সুরক্ষায় এ ধরনের অবৈধ জালের ব্যবহার রোধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।