আব্দুল্লাহ ফুয়াদ, ইবি প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) জিয়া পরিষদ। এক শুভেচ্ছা বার্তায় সংগঠনটির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সর্বস্তরের নেতাকর্মী এবং দেশবাসীকে শুভেচ্ছা জানানো হয়।
গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ইবি জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকউজ্জামান খান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। স্বাধীনচেতা পররাষ্ট্রনীতি, মহান আল্লাহর ওপর অবিচল আস্থা ও বিশ্বাস এবং একটি ঐক্যবদ্ধ জাতি গঠনের বাস্তবমুখী দর্শনের কারণে দলটি অল্প সময়ের মধ্যেই জনগণের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। শহীদ জিয়ার মৃত্যুর পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারবিরোধী আন্দোলন সফল করার পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারে আপসহীন নেতৃত্ব দেন।
বার্তায় আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়। এই আন্দোলনে বিএনপির নেতাকর্মীদের সাহসী ও রক্তক্ষয়ী সংগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করে আসছে। এছাড়া দীর্ঘ প্রবাসজীবন শেষে তারেক রহমান দেশে ফিরে এসে জনগণের ভালোবাসায় ও সমর্থনে দলের নেতৃত্ব দিচ্ছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।