সৌদি আরবের শ্রম, আবাসন ও সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের দায়ে গত এক সপ্তাহে প্রায় ১৫ হাজার বিদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। গত ২০ থেকে ২৬ আগস্ট পর্যন্ত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত অভিযানে মোট ১৪ হাজার ৪৩৪ জনকে আটক করা হয়। মূলত আবাসন আইন অমান্য করা, অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং অননুমোদিত কর্মসংস্থানে জড়িত থাকার দায়ে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
আটককৃতদের মধ্যে ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিকের সংখ্যাই বেশি। এ ছাড়া অবৈধ অনুপ্রবেশকারীদের সহায়তা প্রদান বা আশ্রয় দেওয়ার অভিযোগে আরও ২৭ জনকে আইনের আওতায় আনা হয়েছে। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কড়া সতর্কতা জারি করেছে। অবৈধ অভিবাসীদের সহযোগিতা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানার পাশাপাশি অপরাধে ব্যবহৃত সম্পত্তি বাজেয়াপ্ত করার কঠোর বিধান কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।